বিদেশের কারাগারে ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি, সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদে গাজী এনামুল হকের এক প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। দ্য ডেইলি স্টার জানিয়েছে, বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলোর কাছ থেকে সংগৃহীত সর্বশেষ তথ্যের ভিত্তিতে এ সংখ্যা দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কোনো বাংলাদেশি কারাগারে আটক হলে সংশ্লিষ্ট দূতাবাস কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করে, মামলা সম্পর্কে পরামর্শ দেয় এবং আইনি সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করে। আটক ব্যক্তি আইনজীবী নিয়োগে অসমর্থ হলে দূতাবাস আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের ব্যবস্থা করে।
যেসব ক্ষেত্রে জরিমানা দিতে হয়, সেক্ষেত্রে পরিবারকে যোগাযোগ করা হয়। পরিবার দেশে ফেরার খরচ বহন করতে অপারগ হলে সরকার সে ব্যয় বহন করে। মধ্যপ্রাচ্যে আটক বন্দীদের জন্য এবং মিয়ানমারে আটক তিন বাংলাদেশি জেলের মুক্তির জন্য সম্প্রতি কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছে বলেও জানান খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে আটক বাংলাদেশিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অনলাইন পোর্টাল চালু করবে। সূত্র: দ্য ডেইলি স্টার