জাপোরিঝঝিয়ায় রুশ 'সাফারি' ড্রোন হামলায় বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়া নতুন ধরনের ড্রোন হামলা তীব্র করেছে, যাকে স্থানীয়রা 'সাফারি' বলে অভিহিত করছেন। এফপিভি নামের ছোট বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে রাস্তায় চলমান যানবাহন, গণপরিবহন ও পথচারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

Aug 6, 2026 - 14:58
জাপোরিঝঝিয়ায় রুশ 'সাফারি' ড্রোন হামলায় বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক
উইকিমিডিয়া কমন্স

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়া নতুন ধরনের ড্রোন হামলা তীব্র করেছে, যাকে স্থানীয়রা 'সাফারি' বলে অভিহিত করছেন। এফপিভি নামের ছোট বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে রাস্তায় চলমান যানবাহন, গণপরিবহন ও পথচারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রায় সাত লাখ জনসংখ্যার এই শিল্পনগরীতে ২০২২ সালের পূর্ণমাত্রার আক্রমণের শুরু থেকেই রুশ বাহিনী শহরের দক্ষিণে অবস্থান নিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে আক্রমণের ধরন ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাপোরিঝঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানান, রাশিয়া প্রতিদিন চার থেকে ছয়বার গ্লাইড বোমা হামলা চালাচ্ছে এবং শহরের দক্ষিণাঞ্চলে বেসামরিক জনগোষ্ঠী, যানবাহন ও গণপরিবহনে এফপিভি ড্রোন দিয়ে আক্রমণ করছে। গত রোববার দেড় ঘণ্টার মধ্যে আটটি বোমা হামলায় একজন নিহত ও ৩১ জন আহত হন।

৪১ বছর বয়সী উদ্যোক্তা কাতেরিনা লাহুতার সামুদ্রিক খাবারের ব্যবসায় গত মাসে দুটি রুশ বোমা আঘাত হানে। তিনি বলেন, 'ছয় মাস আগেও ভয়ের পরিবেশ ছিল, হামলাও হতো। কিন্তু এমনটা ছিল না। এখন এটা একেবারে সাফারি।' শহরের কসমস এলাকায় এফপিভি ড্রোন থেকে সুরক্ষায় রাস্তায় জাল টানানো হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাড়ে চার বছরের যুদ্ধে ১৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ইউক্রেনীয়। রাশিয়া যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। উত্তর-পূর্বের খারকিভ শহরেও একই ধরনের এফপিভি ড্রোন হামলা বাড়ছে বলে মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন।

সূত্র: রয়টার্স