এআই কোম্পানিকে নিজস্ব বিদ্যুৎ খরচ দিতে বাধ্য করার বিল পাস হলো মার্কিন হাউসে
মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার ৪১৭-৩ ভোটে র্যাটপেয়ার প্রোটেকশন অ্যাক্ট পাস করেছে। এই আইনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ডেটা সেন্টারের বিদ্যুৎ অবকাঠামো খরচ সাধারণ গ্রাহকদের বিলে না ঠেলে দেওয়া।
মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার ৪১৭-৩ ভোটে র্যাটপেয়ার প্রোটেকশন অ্যাক্ট পাস করেছে। এই আইনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ডেটা সেন্টারের বিদ্যুৎ অবকাঠামো খরচ সাধারণ গ্রাহকদের বিলে না ঠেলে দেওয়া।
কলোরাডোর রিপাবলিকান প্রতিনিধি গ্যাব ইভান্সের উদ্যোগে পেশ করা বিলটি হাউসে দ্বিদলীয় সমর্থন পেয়ে পাস হয়। স্পিকার মাইক জনসন এক বিবৃতিতে বলেন, এআই কোম্পানিগুলোর নিজস্ব অবকাঠামো খরচ নিজেদেরই বহন করতে হবে এবং সাধারণ পরিবারের বিদ্যুৎ বিল বাড়ানো যাবে না।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাবে, যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা ২০২৪ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ হতে পারে। কোনো কোনো বিশ্লেষক মনে করেন, ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টারগুলো যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুতের ১০ শতাংশেরও বেশি ব্যবহার করতে পারে।
বিলটি এখন সিনেটে যাবে। হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির চেয়ারম্যান ব্রেট গুথরি বলেন, এআই অবকাঠামো যেন দেশেই তৈরি হয়, চিনে নয়। ডেমোক্র্যাটিক প্রতিনিধি ফ্র্যাঙ্ক পালোন বিলটিকে অপূর্ণ বললেও বলেন, ডেটা সেন্টার নিয়ন্ত্রণের দিকে এটি একটি পদক্ষেপ।
প্রেসিডেন্ট ট্রাম্প এআই শিল্পকে সমর্থন করেছেন এবং ডেটা সেন্টার পরিচালকদের নিজস্ব বিদ্যুৎ সরবরাহ করতে অঙ্গীকারনামায় সই করতে উৎসাহিত করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, শতাধিক ইউটিলিটি কোম্পানি ও ডজনখানেক এআই প্রতিষ্ঠান ইতোমধ্যে এই অঙ্গীকারে সই করেছে।
সূত্র: সিবিএস নিউজ