সিএনএন-এমএস নাউ-পলিটিকোর ব্যাজ বাতিল, হোয়াইট হাউসে প্রবেশ বন্ধ করলেন ট্রাম্প
সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকেরা শনিবার সকালে হোয়াইট হাউসে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন এবং তাঁদের প্রেস ব্যাজ সিক্রেট সার্ভিস বাজেয়াপ্ত করে নেয়।
সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকেরা শনিবার সকালে হোয়াইট হাউসে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন এবং তাঁদের প্রেস ব্যাজ সিক্রেট সার্ভিস বাজেয়াপ্ত করে নেয়।
বিবিসি জানিয়েছে, এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তিনটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। তিনি বলেন, এই মিডিয়াগুলো তাঁর প্রশাসন সম্পর্কে কল্পকাহিনি বা মিথ্যা লেখে।
এমএস নাউয়ের সাংবাদিক আকায়লা গার্ডনার বলেন, অফিসার তাঁকে ব্যাজ জমা দিতে বলেন এবং জানান সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। সিএনএনের সাংবাদিক বেটসি ক্লেইন জানান, একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তাঁকে জানান তাঁর ব্যাজ নিষ্ক্রিয় করা হয়েছে। পলিটিকোর সাংবাদিক শায়েন হাসলেটেরও প্রবেশ আটকানো হয়।
তিনটি সংবাদমাধ্যমই সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘনের অভিযোগ তুলে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যাকুই হাইনরিখ বলেন, এই পদক্ষেপ সংবাদমাধ্যমের প্রতি যেকোনো ভবিষ্যৎ বৈষম্যের পথ খুলে দিচ্ছে।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অসাংবিধানিক এবং দ্রুত আদালতে বাতিল হবে বলে তারা আশা করছে। ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে আরও সংবাদমাধ্যম এই তালিকায় যোগ হতে পারে।
সূত্র: বিবিসি নিউজ