পাঁচ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে মাত্র পাঁচ দিনের মাথায় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে মাত্র পাঁচ দিনের মাথায় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সিবিএস নিউজ দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ব্রিফিং রুমে সমালোচিত পারফরম্যান্স এবং নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার প্রশ্নে তার বিরুদ্ধে প্রশ্ন ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক হওয়ার পরও জাকারিয়া ২০১১ সালে ক্যালিফোর্নিয়া বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। তারপরও তিনি নিজেকে বছরের পর বছর ধরে লইয়ার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
মঙ্গলবার তার একমাত্র ব্রিফিংয়ে জাকারিয়া কেবল ব্রেইটবার্ট, ফক্স নিউজ ও ডেইলি মেইলের প্রশ্ন নেন। হোয়াইট হাউসের এক সহকর্মী সিবিএস নিউজকে বলেন, কেউ ভাবেনি তিনি যথেষ্ট দিন থাকবেন, তাই তাকে আসল সিদ্ধান্তেও যুক্ত করা হয়নি।
জাকারিয়া ছিলেন ক্যারোলিন লেভিটের উত্তরসূরি, যিনি গত আগস্টে পদ ছেড়ে দেন। শুক্রবার হোয়াইট হাউস ত্যাগের আগে ট্রাম্প নিজে ইঙ্গিত দেন যে পদটি পুনর্বিবেচনা করা উচিত। তার উত্তরসূরি কে হবেন তা এখনো ঘোষণা করা হয়নি।
সূত্র: সিবিএস নিউজ