মহাসড়কে উবার যাত্রীকে নামিয়ে দেওয়ার পর মৃত্যু, ৪ কোটি ডলার ক্ষতিপূরণের রায়
ক্যালিফোর্নিয়ায় একজন উবার চালক দুই নারী যাত্রীকে মহাসড়কে নামিয়ে দিলে তাদের একজন গাড়িচাপায় মারা যান। ঘটনায় রাইডশেয়ার কোম্পানি উবারকে মৃত নারীর পরিবারকে ৪ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন একজন বিচারক।
ক্যালিফোর্নিয়ায় একজন উবার চালক দুই নারী যাত্রীকে মহাসড়কে নামিয়ে দিলে তাদের একজন গাড়িচাপায় মারা যান। ঘটনায় রাইডশেয়ার কোম্পানি উবারকে মৃত নারীর পরিবারকে ৪ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন একজন বিচারক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ আগস্ট ২০২৩ তারিখে ২৩ বছর বয়সী এমিলি নরমান্ডিন-পার্কার একজন বন্ধুকে নিয়ে উবারে বাড়ি ফিরছিলেন। পথে তার বন্ধু গাড়িতে বমি করলে চালক ভু ট্রান মহাসড়কের পাশে থামিয়ে দুজনকে নেমে যেতে বলেন।
মদ পান করা অবস্থায় মহাসড়কে নামার পর এমিলি আরেকটি গাড়িচাপায় নিহত হন। এমিলি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের স্নাতক ছিলেন। বিচারক রিচার্ড স্টোন সালিশি প্রক্রিয়ায় উবারকে দায়ী সাব্যস্ত করে পরিবারকে ৪ কোটি ডলার দেওয়ার রায় দেন।
রায়ে উল্লেখ করা হয়, চালক ট্রান নারীদের নিরাপদ স্থানে নামানোর পরিবর্তে উবারকে ফোন করেন গাড়ি পরিষ্কারের ফি দাবি করতে। বিচারক বলেন, ট্রান পাশের কোনো নিরাপদ এক্সিট ব্যবহার করতে পারতেন। উবার প্রাথমিকভাবে ১ কোটি ডলারের বিনিময়ে চুপ থাকার প্রস্তাব দিয়েছিল, পরিবার তা প্রত্যাখ্যান করে।
উবার বলেছে, চালক স্বতন্ত্র ঠিকাদার হওয়ায় কোম্পানি দায়ী নয় এবং বিচারকের রায় ভুল। তবে আদালত এই যুক্তি গ্রহণ করেননি। গিগ ইকোনমিতে রাইডশেয়ার কোম্পানির দায় নিয়ে এই রায়টি একটি নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: বিবিসি