দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ২

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

Sep 21, 2026 - 13:29
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ২
উইকিমিডিয়া কমন্স

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। ওবায়দুর পলাতক রয়েছেন।

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের ফ্ল্যাটে একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরিয়মের লাশ পাওয়া যায়। বিছানার ওপর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। তবে চিরকুটটি মরিয়মের কি না, তা ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত করা যাবে বলে পুলিশ জানিয়েছে।

মামলায় বলা হয়, গত জুনে ইসলামি শরিয়ত মোতাবেক ৭৫ বছর বয়সী গাজী নজরুলের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুদিদোকানদারের মেয়ে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তাঁর প্রথম স্ত্রী মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

গত জুলাইয়ে গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনয়নে তিনি সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

সূত্র: প্রথম আলো