লাভ বাড়লেও ছাঁটাই, ইমেইলে হাজারো কর্মীকে বিদায় দিল ওরাকল

প্রায় ৯৫ শতাংশ মুনাফা বৃদ্ধির পরও একযোগে হাজারো কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্ট ওরাকল। মার্চের শেষ দিনে ভোরে পাঠানো ইমেইলের মাধ্যমে কর্মীদের চাকরিচ্যুতির খবর জানানো হয়, যা অনেকের কাছেই আকস্মিক ও ধাক্কা হিসেবে এসেছে।

Apr 7, 2026 - 16:15
লাভ বাড়লেও ছাঁটাই, ইমেইলে হাজারো কর্মীকে বিদায় দিল ওরাকল
প্রতিষ্ঠানের ১৯ শতাংশ কর্মী ছাঁটাই করেছে ওরাকল। ছবি: সংগৃহীত

প্রায় ৯৫ শতাংশ মুনাফা বৃদ্ধির পরও একযোগে হাজারো কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্ট ওরাকল। মার্চের শেষ দিনে ভোরে পাঠানো ইমেইলের মাধ্যমে কর্মীদের চাকরিচ্যুতির খবর জানানো হয়, যা অনেকের কাছেই আকস্মিক ধাক্কা হিসেবে এসেছে।

বিভিন্ন প্রতিবেদনে ছাঁটাইয়ের সংখ্যা ১০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত বলা হচ্ছে। সর্বোচ্চ হিসাব অনুযায়ী, এটি কোম্পানির মোট কর্মীর প্রায় ১৯ শতাংশ। তবে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের প্রতিষ্ঠানের ত্রৈমাসিক নিট মুনাফা বেড়ে বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো গড়তে বিপুল বিনিয়োগ ব্যয় কমানোর চাপই এই ছাঁটাইয়ের পেছনে প্রধান কারণ।

বিশ্বজুড়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। বিভিন্ন ট্র্যাকার অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৪১ হাজার থেকে ৮৫ হাজার পর্যন্ত প্রযুক্তিখাতের চাকরি খোয়া গেছে, যা প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ছাঁটাইয়ের সমান।

এআই নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ওপর চাপ বাড়ছে। অ্যামাজন, মাইক্রোসফট, মেটাসহ বড় প্রতিষ্ঠানগুলোও দক্ষতা বাড়ানোর যুক্তিতে কর্মী কমাচ্ছে।

বিশ্লেষকদের সতর্কতা, এআই-চালিত এই রূপান্তর প্রযুক্তিখাতে কর্মসংস্থানের কাঠামো বদলে দিচ্ছে, যেখানে কম কর্মী দিয়েই বেশি কাজ সম্পন্ন করার দিকে ঝুঁকছে কোম্পানিগুলো।

তথ্যসূত্র: ইয়াহু নিউজ