ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ‘ভুবন’, তরুণ উদ্ভাবকের দাবি
ভূমিকম্পের মতো অনিবার্য দুর্যোগের আগাম সতর্কতায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে ‘ভুবন’। ইব্রাহিম মোল্লা নামের এক শিক্ষার্থীর উদ্ভাবিত এই ডিভাইস ভূমিকম্পের ২০ থেকে ৯০ সেকেন্ড আগেই সতর্ক সংকেত দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি-এর শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা জানান, ডিভাইসটি ভূ-অভ্যন্তরের প্রাইমারি সিসমিক ওয়েভ শনাক্ত করে আগাম সংকেত দেয়। সাধারণত মানুষ যে কম্পন অনুভব করে তা সেকেন্ডারি ওয়েভের কারণে—এর আগেই ‘ভুবন’ সাইরেন বাজিয়ে সতর্ক করবে।
দেড় বছরের গবেষণায় তৈরি এই প্রযুক্তি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে উচ্চ সফলতা দেখিয়েছে বলে দাবি উদ্ভাবকের। তিনি জানান, নির্দিষ্ট স্থানে ডিভাইস বসিয়ে সতর্কবার্তা পাওয়া সম্ভব হলেও ভূমিকম্পের উৎসের কাছাকাছি স্থাপন করা গেলে সতর্কতার সময় আরও বাড়ানো যেতে পারে।
ইব্রাহিম মোল্লা বলেন, সরকার চাইলে ডিভাইসটি বিনামূল্যে সরবরাহ করে দেশের দুর্যোগ মোকাবিলায় সহায়তা করতে প্রস্তুত তিনি। তবে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সফল হননি বলে জানান।
এরই মধ্যে বুয়েট ও এমআইএসটির মতো প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছেন এই তরুণ উদ্ভাবক। তার প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতায় ‘ভুবন’ বাণিজ্যিক উৎপাদনে গেলে তা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সক্ষমতা তুলে ধরবে।
ডালাস বার্তা ডেস্ক