ডেন্টন কাউন্টিতে জিম্মি নাটকের অবসান, এফবিআই অভিযানে নারী উদ্ধার

টেক্সাস অঙ্গরাজ্যের ডেন্টন কাউন্টিতে টানা কয়েকদিনের জিম্মি পরিস্থিতির অবসান হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সদস্যদের অভিযানে এক নারীকে উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Apr 22, 2026 - 13:57
ডেন্টন কাউন্টিতে জিম্মি নাটকের অবসান, এফবিআই অভিযানে নারী উদ্ধার
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি: ফক্স ফোর

টেক্সাস অঙ্গরাজ্যের ডেন্টন কাউন্টিতে টানা কয়েকদিনের জিম্মি পরিস্থিতির অবসান হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সদস্যদের অভিযানে এক নারীকে উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোররাত প্রায় ১টার দিকে এফবিআই সদস্যরা ফ্ল্যাশব্যাং ব্যবহার করে বাড়িটিতে প্রবেশ করেন। অভিযানে কোনো অতিরিক্ত সংঘর্ষ ছাড়াই সন্দেহভাজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া নারীকে সামান্য আঘাত নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজনের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, তা এখনো নির্ধারণ করছেন তদন্তকারীরা।

ঘটনার সূত্রপাত সোমবার গভীর রাতে। এক ব্যক্তি ৯১১- ফোন করে দাবি করেন, তিনি আগ্নেয়াস্ত্রের মুখে দুই নারীকে জিম্মি করে রেখেছেন। অবস্থান শনাক্ত করে পুলিশ টেক্সাসের অবারি শহরের প্রভিডেন্স ভিলেজ এলাকার একটি বাড়িতে অভিযান শুরু চালায়, যা ডেন্টন শহরের প্রায় ১০ মাইল পূর্বে অবস্থিত।

পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং সন্দেহভাজনের সঙ্গে আলোচনার চেষ্টা চালায়। অভিযোগ, পুলিশ কাছে এগোলে জিম্মিদের ক্ষতি করার হুমকিও দেন তিনি। মঙ্গলবার ভোররাতের দিকে এক কিশোরীকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিস্থিতির ঝুঁকি বেড়ে যাওয়ায় ম্যাককিনি পুলিশ বিভাগ এফবিআইয়ের সহায়তা চাওয়া হয়।

উদ্ধার হওয়া নারীর মা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সন্দেহভাজন ব্যক্তি তার মেয়ের সাবেক প্রেমিক। ভুক্তভোগীর ভাই বলেন, সম্প্রতি ওই ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনে মামলা করেছিলেন তার বোন এবং তার বিরুদ্ধে একটি সক্রিয় সুরক্ষা আদেশ (প্রোটেকটিভ অর্ডার) ছিল।

পুলিশ ঘটনাটিকে পারিবারিক বিরোধজনিত বলে উল্লেখ করলেও নির্দিষ্ট উদ্দেশ্য বা সংশ্লিষ্টদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে।

তথ্যসূত্র: ফক্স ফোর