কাছাকাছি এলেই ইরানি জাহাজ ধ্বংস: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার পরপরই আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অবরোধের সীমানার কাছাকাছি এলেই ইরানি জাহাজগুলোকে তাৎক্ষণিকভাবে “ধ্বংস” করা হবে।
ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার পরপরই আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অবরোধের সীমানার কাছাকাছি এলেই ইরানি জাহাজগুলোকে তাৎক্ষণিকভাবে “ধ্বংস” করা হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) থেকে ওমান উপসাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ওপর এই নৌ-অবরোধ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে কার্যকর হওয়া এই অভিযানের শুরুতেই ট্রাম্প তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প বলেন, “ইরানি জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের সামান্য কাছেও আসে, তবে সেগুলোকে সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে।” তাঁর এই বক্তব্যে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখা এবং তাদের সামরিক সক্ষমতা দুর্বল করাই এই অবরোধের মূল লক্ষ্য। তবে বিশ্লেষকরা বলছেন, এমন কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
অবরোধ কার্যকর হওয়ার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড ওই অঞ্চলে নজরদারি ও টহল জোরদার করেছে। এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সেন্টকমের তথ্য অনুযায়ী, চলমান নৌ-অবরোধ কয়েকটি ধাপে পরিচালিত হচ্ছে—
• ইরানি বন্দর লক্ষ্য করে অবরোধ: পারস্য উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।
• তল্লাশি ও জব্দ: অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে সেটিকে থামানো, তল্লাশি বা প্রয়োজনে জব্দ করা হবে।
• নিরপেক্ষ জাহাজ চলাচল: ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া জাহাজ চলাচল করতে পারবে, তবে সন্দেহভাজন হলে তল্লাশির মুখে পড়তে পারে।
• মাইন ধ্বংস অভিযান: প্রণালিতে ইরান পেতে রাখা সন্দেহভাজন মাইন শনাক্ত ও ধ্বংসের কথাও জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন এই পদক্ষেপ এবং ট্রাম্পের সরাসরি হুমকি—দুটিই মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
তথ্যসূত্র: এপি, বিবিসি, আল জাজিরা