স্ন্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে কার্ড স্কিমিং, নর্থ টেক্সাসে অভিযান
নর্থ টেক্সাসে সরকারি সহায়তা ভোগীদের লক্ষ্য করে কার্ড স্কিমিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। ট্যারান্ট কাউন্টিতে দুই দিনের অভিযানে ১০টি স্কিমিং ডিভাইস জব্দ করা হয়েছে।
নর্থ টেক্সাসে সরকারি সহায়তা ভোগীদের লক্ষ্য করে কার্ড স্কিমিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। ট্যারান্ট কাউন্টিতে দুই দিনের অভিযানে ১০টি স্কিমিং ডিভাইস জব্দ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ৬ ও ৭ এপ্রিল পরিচালিত অভিযানে স্ন্যাপ পেমেন্ট গ্রহণ করে এমন ৩১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পয়েন্ট-অব-সেল মেশিন, এটিএম ও গ্যাস পাম্পে বসানো স্কিমার শনাক্তে এই তল্লাশি চালানো হয়।
এই কার্যক্রম সংস্থাটির দেশব্যাপী গৃহীত ‘অরিয়ন’ উদ্যোগের অংশ, যা আন্তঃদেশীয় আর্থিক অপরাধ দমনে কাজ করে।
ডালাস ফিল্ড অফিসের কর্মকর্তা কোরি গ্রেভস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে স্কিমিংয়ের ঘটনা বেড়েছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের পরিবারগুলো। তিনি বলেন, “এই অর্থ হারালে অনেক পরিবার আর খাবার কিনতে পারে না।”
তদন্তকারীরা জানায়, প্রতিটি স্কিমার দিয়ে সর্বোচ্চ ১০ লাখ ডলার পর্যন্ত চুরি সম্ভব। জব্দ করা ডিভাইসগুলো থেকে ফিঙ্গারপ্রিন্ট ও সম্ভাব্য ভিডিও ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
সিক্রেট সার্ভিস বলছে, অরিয়ন উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে দেশজুড়ে ৫৭২ মিলিয়ন ডলারের বেশি প্রতারণা ঠেকানো হয়েছে। সাম্প্রতিক এই অভিযান অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।
তথ্যসূত্র: এনবিসি ৫