যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে আটক ৫ বছরের শিশু ও তার বাবাকে মুক্তির নির্দেশ
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযানে আটক পাঁচ বছরের এক শিশু ও তার বাবাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে শনিবার দেওয়া রায়ে ইউএস ডিস্ট্রিক্ট জজ শিশুটির আটকাদেশকে ‘অবৈধ’ ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযানে আটক পাঁচ বছরের এক শিশু ও তার বাবাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে শনিবার দেওয়া রায়ে ইউএস ডিস্ট্রিক্ট জজ শিশুটির আটকাদেশকে ‘অবৈধ’ ঘোষণা করেন।
বিচারক বলেন, প্রতিদিন গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে সরকার অত্যন্ত অদূরদর্শী ও অমানবিকভাবে অভিযান চালিয়েছে। তার ভাষায়, এই প্রক্রিয়ায় শিশুদের মানসিক ক্ষতির বিষয়টিও উপেক্ষা করা হয়েছে।
পাঁচ বছরের শিশু লিয়াম কোনেজো রামোস ও তার বাবাকে মিনেসোটা থেকে টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছিল। নীল বানি হ্যাট ও স্পাইডারম্যানের ব্যাগ কাঁধে লিয়ামের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মানবাধিকার কর্মীদের ক্ষোভ আরও তীব্র হয়।
মিনেসোটায় চলমান এই অভিযান যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ফেডারেল অভিবাসনবিরোধী অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। এতে প্রায় তিন হাজার এজেন্ট অংশ নিচ্ছেন। অভিযানের সময় সংঘর্ষে এখন পর্যন্ত দুজন মার্কিন নাগরিক নিহত হওয়ার খবরও পাওয়া গেছে, যা দেশজুড়ে বিক্ষোভ উসকে দিয়েছে।
সরকারের দাবি, শিশুটির বাবার বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ রয়েছে। তবে পরিবারের আইনজীবীরা বলছেন, তারা নিয়ম মেনেই আশ্রয়ের আবেদন করেছেন এবং সেই প্রক্রিয়া চলমান থাকায় যুক্তরাষ্ট্রে থাকার অধিকার তাদের রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি ও মানবিক মূল্যবোধের সংঘাতকে আবারও সামনে এনেছে।
তথ্যসূত্র: আল জাজিরা