আর্লিংটনে ছেলের জানাজায় যেতে দেওয়া হয়নি আটক বাবাকে, আইসিইর সিদ্ধান্তে ক্ষুব্ধ পরিবার
টেক্সাসের আর্লিংটনে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)–এর হেফাজতে থাকা এক বাবাকে ছেলের জানাজায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ তুলেছে একটি পরিবার। বিরল রোগে আক্রান্ত ৩০ বছর বয়সী ওয়ায়েল তারাবিশি গত ২৩ জানুয়ারি মারা যান। মৃত্যুর আগে মাসের পর মাস তিনি মানবিক কারণে আটক বাবার মুক্তির আবেদন জানিয়ে আসছিলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শৈশব থেকেই বিরল রোগে আক্রান্ত ওয়ায়েলের প্রধান পরিচর্যাকারী ছিলেন তাঁর বাবা মাহের তারাবিশি (৬২)। মা দুইবার ক্যানসারে আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা ও দৈনন্দিন দেখভাল একাই করতেন মাহের। তবে গত অক্টোবরে আইসিই মাহেরকে আটক করার পর ওয়ায়েলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। কয়েক সপ্তাহের মধ্যে তাঁকে দুবার হাসপাতালে নিতে হয়।
পরিবারের অভিযোগ, বাবা পাশে না থাকায় প্রয়োজনীয় যত্ন ও চিকিৎসা ঠিকভাবে দেওয়া সম্ভব হয়নি। তাঁদের বিশ্বাস, মাহের পাশে থাকলে ওয়ায়েল এখনও বেঁচে থাকতে পারতেন। এমনকি ছেলের মৃত্যুর পরও আইসিই মাহেরকে জানাজায় অংশ নেওয়ার অনুমতি দেয়নি।
এর আগে আইসিই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ মাহের তারাবিশির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগ তোলে। পরিবার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, মানবিক দিকটি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।
ওয়ায়েলের মৃত্যু ও বাবাকে শেষ বিদায়ে অংশ নিতে না দেওয়ার ঘটনায় স্থানীয় পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে। পরিবারটি ঘটনার প্রতিবাদে কথা বলার পাশাপাশি আর্থিক সংকট মোকাবিলায় একটি অনলাইন তহবিলও গঠন করেছে।
তথ্যসূত্র: এনবিসি ৫