পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ৪০ ঘণ্টায় ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছেন। প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি রোববার কোয়েটায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ৪০ ঘণ্টায় ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছেন। প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি রোববার কোয়েটায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার গভীর রাতে প্রদেশের অন্তত ১২টি স্থানে একযোগে হামলার পর শুক্রবার ও শনিবার পরিচালিত অভিযান, পাশাপাশি চলমান তল্লাশি ও ক্লিয়ারেন্স অপারেশনে এসব জঙ্গি নিহত হয়। এর আগে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে একদিনেই ৯২ জঙ্গি নিহত হওয়ার দাবি করেছিল।
মুখ্যমন্ত্রী জানান, হামলা ও পাল্টা অভিযানে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। স্বল্প সময়ে এত বিপুলসংখ্যক জঙ্গি নিহত হওয়ার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বিরল বলেও দাবি করেন তিনি।
এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি জানায়, ‘হেরফ’ বা ‘ব্ল্যাক স্টর্ম’ নামের অভিযানে কোয়েটা, গোয়াদর, মাস্তুং ও নুশকিসহ বিভিন্ন এলাকায় সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়ক লক্ষ্য করে হামলা চালানো হয়।
পাকিস্তানের সেনাবাহিনী এসব হামলার পেছনে ‘ভারত-সমর্থিত জঙ্গিদের’ ভূমিকার অভিযোগ তুললেও ভারত তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি বলছে, পাকিস্তানের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া।
বিশ্লেষকদের মতে, একযোগে এতগুলো এলাকায় হামলা বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সংগঠনিক সক্ষমতার ইঙ্গিত দেয়। সামরিক অভিযানের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক সমাধান ছাড়া এই সংকট দীর্ঘমেয়াদে মোকাবিলা কঠিন হবে।
তথ্যসূত্র: রয়টার্স