সিনেমায় আর গাইবেন না অরিজিৎ
প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী।
প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী।
মঙ্গলবার অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।’ হঠাৎ এই ঘোষণায় ভক্তদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না—এ কথাও স্পষ্ট করেছেন তিনি। অরিজিতের ভাষায়, ‘পরিষ্কার করে বলছি, আমি সংগীতের কাজ বন্ধ করছি না।’ কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। পরে এক্সে দেওয়া আরেক পোস্টে জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন এবং এ বছর কিছু নতুন গান প্রকাশ পাবে।
ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্র। অনেকেই এই সিদ্ধান্তে হতবাক। প্রেমের গান থেকে ভক্তিগীতি—সব ঘরানায় অরিজিতের জনপ্রিয়তা থাকায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই অবসর, নাকি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেওয়া অরিজিতের ২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ দিয়ে সংগীতে যাত্রা শুরু। এরপর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ সিনেমায় প্রথম প্লেব্যাকের সুযোগ পান। ২০১৩ সালে 'আশিকি ২' সিনেমা অরিজিতের ক্যারিয়ারের বাঁক বদলে দেয়। অল্পদিনেই পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। সেই অবস্থান এখনো ধরে রেখেছেন।
তথ্যসূত্র: এনডিটিভি