মিনেসোটায় ৫ শিশুকে আটক আইসিই’র
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে দুই ও পাঁচ বছর বয়সীসহ অন্তত পাঁচ শিশুকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ (আইসিই)। ঘটনাগুলো ঘিরে আদালতের নির্দেশ অমান্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে দুই ও পাঁচ বছর বয়সীসহ অন্তত পাঁচ শিশুকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ (আইসিই)। ঘটনাগুলো ঘিরে আদালতের নির্দেশ অমান্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
মিনিয়াপোলিসের কলম্বিয়া হাইটস এলাকা থেকে চার শিশুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা। পৃথক এক ঘটনায় বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার সময় দুই বছর বয়সী এক শিশু ও তার বাবাকে আটক করে আইসিই।
পরিবারের আইনজীবীদের দাবি, কোনো ওয়ারেন্ট ছাড়াই আইসিই সদস্যরা বাড়িতে প্রবেশ করে। শিশুটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় এক এজেন্ট জানালার কাঁচ ভেঙে ফেলেন। এ সময় শিশুটির মা পাশে থাকলেও তাকে কাছে যেতে দেওয়া হয়নি। পরে বাবা ও শিশুকে আটক করে ওই দিনই বিমানে করে টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়—যা বিচারকের নির্দেশের পরিপন্থী বলে দাবি আইনজীবীদের।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানায়, শিশুটির বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। তবে পরিবারের আইনজীবীরা বলেন, তিনি ইকুয়েডরের নাগরিক হলেও তার আশ্রয় আবেদন বিচারাধীন এবং তার বিরুদ্ধে কোনো বহিষ্কারাদেশ নেই। শিশুটির জন্মের পর থেকেই তারা মিনেসোটায় বসবাস করছেন।
এর আগে মিনেসোটায় পাঁচ বছর বয়সী এক শিশুকে আটক করার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক জানান, চলতি সপ্তাহ পর্যন্ত সশস্ত্র ও মুখোশধারী আইসিই কর্মকর্তারা চার শিশুকে আটক করেছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, শিশুদের আটক ও পরিবার থেকে আলাদা করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী এবং এতে শিশুদের মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তথ্যসূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান