গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত সিভিল ডিফেন্স।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত সিভিল ডিফেন্স।
সংস্থাটির তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। গাজা সিটিতে পৃথক হামলায় একটি আবাসিক ভবন ও একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়; এতে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হন।
ফিলিস্তিনিদের ভাষ্য, গত অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এত বড় হামলা আর দেখা যায়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করায় পাল্টা অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
আইডিএফ জানায়, পূর্ব রাফা এলাকায় ‘ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো’ থেকে বেরিয়ে আসা সন্দেহভাজনদের লক্ষ্য করে এবং ইসরায়েল সিকিউরিটি এজেন্সির সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে।
হামাস এসব হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে। এদিকে মিসর ও কাতারও হামলার সমালোচনা করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭১ হাজার ৬৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহত হয়েছেন অন্তত ৫০৯ জন ফিলিস্তিনি, একই সময়ে চারজন ইসরায়েলি সেনাও নিহত হন।
তথ্যসূত্র: বিবিসি