গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের তথ্য স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর
দুই বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—প্রথমবারের মতো এ তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক ব্রিফিংয়ে ইসরায়েলি সাংবাদিকদের সামনে এই স্বীকারোক্তি আসে।
দুই বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—প্রথমবারের মতো এ তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক ব্রিফিংয়ে ইসরায়েলি সাংবাদিকদের সামনে এই স্বীকারোক্তি আসে।
দেশটির দৈনিক ইয়েদিওথ আহরোনথ সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, যুদ্ধে নিহতের এই সংখ্যায় নিখোঁজদের অন্তর্ভুক্ত করা হয়নি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১ জানায়, নিহতদের মধ্যে কতজন যোদ্ধা আর কতজন বেসামরিক—তা বিশ্লেষণের চেষ্টা চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭১ হাজার ৬৬৭ জন নিহত ও এক লাখ ৭১ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন। ইসরায়েল এতদিন এই তথ্যকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করে আসছিল।
তবে সেনা কর্মকর্তারা প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহিত হওয়ার তথ্য স্বীকার করলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। আইডিএফের এক মুখপাত্র বলেন, প্রকাশিত সংখ্যা তাদের অফিসিয়াল পরিসংখ্যান নয় এবং যেকোনো তথ্য কেবল আনুষ্ঠানিক চ্যানেলেই জানানো হবে।
গত বছর আগস্টে ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা প্রধানের ফাঁস হওয়া অডিওতে গাজায় ব্যাপক প্রাণহানিকে ‘নিরাপত্তার প্রয়োজনে প্রয়োজনীয়’ বলে মন্তব্য করার বিষয়টি বিতর্ক তৈরি করেছিল।
তথ্যসূত্র: সিএনএন