মদ্যপ চালকের বেপরোয়া গতি, ডালাসে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ২
একে তো মদ্যপ ছিলেন পিকআপ ট্রাকের ড্রাইভার, তার ওপর তিনি গাড়ি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে। তাঁর এই ভুলের কারণে প্রাণ গেল একজনের, গুরুতর আহত আরও দুজন।
একে তো মদ্যপ ছিলেন পিকআপ ট্রাকের ড্রাইভার, তার ওপর তিনি গাড়ি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে। তাঁর এই ভুলের কারণে প্রাণ গেল একজনের, গুরুতর আহত আরও দুজন।
ডালাসের সিঙ্গলটন বুলেভার্ডে এই দুর্ঘটনাটি ঘটে ১ ফেব্রুয়ারি রাতে। পুলিশ জানায়, পূর্বমুখী সিঙ্গলটন বুলেভার্ডে অতিরিক্ত গতিতে চলা পিকআপ ট্রাকটি লাল সংকেত অমান্য করে নর্থ হ্যাম্পটন রোড দিয়ে যাওয়া একটি সেডান গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
তাতে সেডানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর একাধিক ব্যক্তি একটি গাড়ির নিচে আটকে পড়েন। পরে দমকল ও উদ্ধারকর্মীরা গাড়ির ড্রাইভারের সাইড কেটে আহতদের উদ্ধার করেন।
সেডানটিতে থাকা তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দুইজনের অবস্থা গুরুতর।
ঘটনাস্থল থেকে পিকআপ ট্রাকের চালক, ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ‘ইনটক্সিকেশন ম্যানস্লটার’ ও ‘ইনটক্সিকেশন অ্যাসল্ট’-এর অভিযোগ আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ডেভন মবলি ও তাঁর স্ত্রী দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে জানান, চালক অত্যন্ত নেশাগ্রস্ত ছিলেন এবং সাক্ষীদের কাছে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মবলি বলেন, সম্ভাব্য প্রাণহানির পরও চালকের আচরণে অনুশোচনার কোনো লক্ষণ ছিল না।
এ ঘটনায় গ্রেপ্তার চালক বা নিহত ও আহতদের নাম এখনো প্রকাশ করেনি পুলিশ।
তথ্যসূত্র: ফক্স ফোর