টেক্সাসে বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: স্টেট সিনেটে রেহমেট, কংগ্রেসে মেনেফি
টেক্সাসের গুরুত্বপূর্ণ দুটি বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন। ফোর্ট ওয়ার্থ–সংলগ্ন ট্যারান্ট কাউন্টির স্টেট সিনেট ডিস্ট্রিক্ট–৯ এ রিপাবলিকান প্রভাবিত এলাকায় ডেমোক্র্যাট টেইলর রেহমেট জয়ী হয়েছেন। অন্যদিকে হিউস্টনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ১৮তম আসনের রানঅফে ডেমোক্র্যাট ক্রিশ্চিয়ান মেনেফি স্পষ্ট ব্যবধানে জয় পেয়েছেন।

স্টেট সিনেট ডিস্ট্রিক্ট–৯ এ শনিবারের রানঅফে রেহমেট পেয়েছেন প্রায় ৫৬ শতাংশ ভোট। তিনি রিপাবলিকান লি ওয়াম্বসগ্যানসকে প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে হারান। ২০২৪ সালের নির্বাচনে এই ডিস্ট্রিক্টে ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন প্রায় ৫৮ শতাংশ ভোট। রেহমেট সাবেক রিপাবলিকান সিনেটর কেলি হ্যানককের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন। যদিও টেক্সাস স্টেট সিনেটের পরবর্তী অধিবেশন নির্ধারিত রয়েছে ২০২৭ সালে।
অন্যদিকে হিউস্টনের ১৮তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রানঅফে মেনেফি পেয়েছেন ৬৮ শতাংশ ভোট, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট আমান্ডা এডওয়ার্ডস পেয়েছেন ৩২ শতাংশ। প্রয়াত কংগ্রেসম্যান সিলভেস্টার টার্নারের শূন্য আসনে নির্বাচিত হলেও, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন সীমানা কার্যকর হওয়ায় মেনেফির মেয়াদ হবে স্বল্পকালীন।
বর্তমান ১৮তম ডিস্ট্রিক্টটি ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে নতুন সীমানা অনুযায়ী এটি একাধিক ডিস্ট্রিক্টে ভাগ হবে, যা রিপাবলিকানদের জন্য তুলনামূলক সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। তবু এই জয় সাময়িকভাবে হলেও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা আরও সংকুচিত করবে।
তথ্যসূত্র: এনবিসি ৫