ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Jan 22, 2026 - 14:16
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের
বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: বিসিবি

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সিদ্ধান্ত জানানোর আগে এদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির নীতিনির্ধারকেরা। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্তসহ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা অধিকাংশ ক্রিকেটারই উপস্থিত ছিলেন সভায়।

সভা শেষে সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এই যে নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে ভারতের বিশ্বকাপ না খেলা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য দেশে গেলে সেখানে নিরাপত্তাঝুঁকি থাকলে তা সরকার বিবেচনা করে দেখে। এখানে অন্য কারও বিবেচনার সুযোগ নেই।

এর আগে গত পরশু আইসিসির বোর্ড সভায় ১২-২ ভোটে হেরে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতেবিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় । সেই সময় পেরোনোর আগেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় বাংলাদেশ সরকার।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে আইসিসি। তাঁর ভাষায়, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা এখনো আশা করব, আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার অধিকার, শ্রীলঙ্কায় আমাদের খেলার সুযোগ আছে এবং বহু নজির পৃথিবীতে আছে যে নিরাপত্তাঝুঁকিতে অন্য ভেন্যুতে খেলা হয়। আমাদের এখানে নিশ্চিত নিরাপত্তার ঝুঁকির আছে।

তবে এখনো বিশ্বকাপ খেলার আশায় বাংলাদেশ, আসিফ নজরুল সেটিই বললেন, ‘আমরা এখনো আশা ছাড়ি নাই, আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্ক সুবিবেচনার সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে। আমরা সেই আশাবাদে এখনো অপেক্ষা করছি।

ভারতে না যাওয়ার বিষয়ে মতামত শোনার জন্য প্রথমবারের মতো সভায় ডাকলেও ক্রিকেটাররা সিদ্ধান্ত সরকারের ওপরেই ছেড়ে দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টার কাছে নিজেদের কোনো চাহিদা তুলে ধরেননি বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক খেলোয়াড়। সভাশেষে সংবাদ সম্মেলনে কথা বলার সময় খুবই বিষন্ন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমান সময়ে ক্রিকেট প্রশাসকের পরিচয় ছাপিয়ে তিনি একজন সাবেক অধিনায়ক ও খেলোয়াড়। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আইসিসি ইভেন্টে না খেলার যাতনা বুলবুলের চেয়ে ভালো অনুভব করবে আর কোন সভাপতি!

গত দুটো সপ্তাহে দিনরাত অনেক চেষ্টা-চরিত্র করে ক্রিকেট দূতিয়ালির সবটাই করেছেন। কিন্তু সব চেষ্টাই বৃথা। তবে বুলবুল মনে করেন বাংলাদেশকে বিশ্বকাপে না রাখতে পারাটা আয়োজক হিসেবে ভারতের বড় ব্যর্থতা, ‘বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো ক্রিকেট লাভিং দেশ যদি আইসিসির ইভেন্টে না থাকে, তাদের মিস করবে। ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে, ২০৩২ অলিম্পিক ব্রিসবেন হোস্ট  করছে। ২০৩৬ অলিম্পিক ভারত আয়োজন করতে চায়। (২০৩০) কমনওয়েলথ গেমস আয়োজন করছেসেখানে যদি বাংলাদেশের মতো জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি না থাকে, তাদের দেশে হতে যাওয়া বিশ্বকাপে, এটা মনে হচ্ছে যে আয়োজক দেশ হিসেবে একটা ব্যর্থতা (ভারতের)।

নিরাপত্তাজনিত কারণে অতীতে অনেক দলই বিভিন্ন দেশে বিশ্বকাপ খেলতে যায়নি। বিশ্বকাপে অংশগ্রহণ না করার উদাহরণও আছে। সেই তালিকায় কি নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশ? বুলবুল ম্যাচ শেষ ‘না হওয়ার আগে হারতে রাজি নন, ‘চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না, শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই।

সে চাওয়াটা বাস্তব হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় আসন্ন প্রতিযোগিতার ‘সি গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড।

ডালাস বার্তা প্রতিবেদক