ডালাসে অনথিভুক্ত অভিবাসীর বিরুদ্ধে ফেডারেল অস্ত্র মামলা

ডালাসে নববর্ষের রাতে এক ব্যস্ত সেতু থেকে সেমি-অটোমেটিক রাইফেল ছোড়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অনথিভুক্ত অভিবাসী। তাঁর বিরুদ্ধে নতুন করে ফেডারেল অস্ত্র মামলার অভিযোগ আনা হয়েছে।

Feb 1, 2026 - 13:07
ডালাসে অনথিভুক্ত অভিবাসীর বিরুদ্ধে ফেডারেল অস্ত্র মামলা
হোসে আলারকন-সানচেজ (ডানে), পাশের ছবিটিও তাঁর, সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। ছবি: ফক্স ফোর

ডালাসে নববর্ষের রাতে এক ব্যস্ত সেতু থেকে সেমি-অটোমেটিক রাইফেল ছোড়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অনথিভুক্ত অভিবাসী। তাঁর বিরুদ্ধে নতুন করে ফেডারেল অস্ত্র মামলার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি অফিস জানায়, গ্র্যান্ড প্রেইরির বাসিন্দা হোসে আলারকন-সানচেজ (১৮) এখন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার ফেডারেল অভিযোগের মুখে। এর আগে ডালাস পুলিশ তাকে নির্দিষ্ট এলাকায় গুলি ছোড়ার অভিযোগে (ক্লাস মিসডিমিনার) গ্রেপ্তার করেছিল।

তদন্তে দেখা গেছে, ২০২৫ সালের মে মাসে সাময়িক ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন আলারকন-সানচেজ। ভিসার মেয়াদ শেষ হলেও তিনি তা নবায়ন করেননি এবং মেক্সিকোয় ফেরত না গিয়ে অবৈধভাবে অবস্থান করছিলেন। তার বাড়ি থেকে তল্লাশিতে একাধিক অস্ত্র উদ্ধার  করা হয়, যার মধ্যে সেতুতে ব্যবহৃত বলে সন্দেহভাজন এক অস্ত্রও রয়েছে।

পুলিশ জানায়, সেতু এলাকা থেকে শতাধিক খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ৭৯টি .৫৬/.২২৩ ক্যালিবার এবং চারটি মিলিমিটার কার্তুজের খোসা পাওয়া যায়। একটি এআর-১৫ পিস্তলের সঙ্গে এসব আলামতের মিল পাওয়া গেছে।

এই ঘটনায় আরও দুজন সন্দেহভাজন জড়িত। অ্যান্থনি অ্যাসেভেদো (২০) একই অভিযোগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হয়েছেন। আর ডার্সে লারা নামে আরেকজনকে নভেম্বরের এক সহিংস রোড-রেজ ঘটনার সঙ্গে যুক্ত পাওয়ার পর ইমিগ্রেশন হোল্ডে রাখা হয়েছে।

ফেডারেল আদালতে আলারকন-সানচেজের শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। মামলাটি তদন্ত করেছে ডালাস পুলিশ এটিএফ, সহযোগিতা করেছে গ্র্যান্ড প্রেইরি পুলিশ।

তথ্যসূত্র: ফক্স ফোর