টানা তিন জয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর ডালাস কাউবয়েস

সিজনের মাঝপথে ৩–৫–১ অবস্থায় দাঁড়িয়ে কাউবয়েসের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। ডেনভারের কাছে হারের পর মালিক জেরি জোন্স নিজেই সন্দেহ প্রকাশ করেছিলেন, দু-একজন খেলোয়াড় এনে কি আদৌ বদলানো যাবে মৌসুমের গতি?

Nov 28, 2025 - 14:12
টানা তিন জয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর ডালাস কাউবয়েস
সবশেষ কাউবয়েস ৩১–২৮ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কানসাস সিটি চিফসকে। ছবি: ডালাস কাউবয়েস

সিজনের মাঝপথে ৩–৫–১ অবস্থায় দাঁড়িয়ে কাউবয়েসের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। ডেনভারের কাছে হারের পর মালিক জেরি জোন্স নিজেই সন্দেহ প্রকাশ করেছিলেন, দু-একজন খেলোয়াড় এনে কি আদৌ বদলানো যাবে মৌসুমের গতি?

সেই সময়ই ট্রেড ডেডলাইনে তারা দলে টানেন ডিফেন্সিভ ট্যাকল কুইনেন উইলিয়ামস ও লাইনব্যাকার লোগান উইলসনকে। এরপর চোট কাটিয়ে ফেরেন দেমারভিয়ন ওভারশোন ও শাভন রেভেল। সব মিলিয়ে টানা তিন ম্যাচে টানা জয়ের পর এখন কাউবয়েসের অবস্থান ৬–৫–১।

সর্বশেষ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কাউবয়েস ৩১–২৮ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কানসাস সিটি চিফসকে। মাত্র ১২ দিনের মধ্যে তিন জয়, তাও গত সুপার বোলের দুই ফাইনালিস্ট—ইগলস ও চিফসকে হারিয়ে! এ সব সাফল্য দলে ফিরিয়ে এনেছে নতুন বিশ্বাস।

হেড কোচ ব্রায়ান শটেনহাইমার এখন দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারছেন, ‘আমরা যে কারও সঙ্গে, যে কোথাও খেলব।’ তার মতে দল এখন কোনো মুহূর্তকে ভয় পায় না, খেলতে পারে নির্ভয়ে, আর চতুর্থ কোয়ার্টার এলেই জিততে পারে এমন বিশ্বাস তৈরি হয়েছে।

কোয়ার্টারব্যাক ডাক প্রেস্কটও আত্মবিশ্বাসী—শেষ তিন ম্যাচে তার ৯টি টাচডাউন ও মাত্র দুই ইন্টারসেপশন। তিনি বলেন, ‘আমরা যা হতে চাই, তা–ই হতে পারি। সবকিছুই সামনে আছে।’

তবে দল জানে কাজ এখনো শেষ নয়। পরের ম্যাচ ডেট্রয়েটে, সেখানে জিততে পারলে এনএফসি প্লে-অফ রেসে আরও ওপরে উঠবে ডালাসের দলটি। কিন্তু আপাতত লক্ষ্য একটাই—জয়ের ধারা ধরে রাখা। শটেনহাইমার বললেন, ‘আমরা শুধু ফুটবল খেলব। তিনটি জিতেছি, এখন সময় চতুর্থ জয়ের।’

তথ্যসূত্র: ডালাস কাউবয়েস