টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, সুযোগ পেল স্কটল্যান্ড
ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ-এমন সিদ্ধান্ত জানানোর পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ-এমন সিদ্ধান্ত জানানোর পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডকে পাঠানো চিঠিতে জানান, বিসিবির উত্থাপিত দাবিগুলো আইসিসির বিদ্যমান নীতির সঙ্গে সাংঘর্ষিক। কোনো একক সদস্য দেশের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করলে তা ‘বিপজ্জনক নজির’ তৈরি করবে—এই অবস্থান থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা ছাড়া বিকল্প ছিল না বলে জানায় আইসিসি।
আইসিসির ইভেন্টে সাম্প্রতিক পারফরম্যান্স ও বর্তমান র্যাঙ্কিং (১৪) বিবেচনায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। ২০২৪ বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে বিদায় নিয়েছিল তারা। এর আগে ২০২২ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানো এবং ২০২১ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার নজিরও রয়েছে স্কটিশদের।
এই রদবদলের ফলে স্কটল্যান্ড প্রাথমিক পর্বের ‘সি’ গ্রুপে খেলবে। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের অভিযান শুরু হবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।
এর আগে আইসিসি স্পষ্ট করে জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। সরকারের সঙ্গে আলোচনা করতে ২৪ ঘণ্টা সময় চাইলেও নিজেদের অটল অবস্থান পরিবর্তন আনতে পারেনি বিসিবি। ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের দাবি জানিয়েছিল বাংলাদেশ, যা শেষ পর্যন্ত আইসিসি গ্রহণ করেনি।
তথ্যসূত্র: আইসিসি