একটি দল মা-বোনদের ঘরে আটকে রাখতে চায়: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে এবং মা-বোনদের ঘরের ভেতরে আটকে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, নারী সমাজকে পেছনে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে এবং মা-বোনদের ঘরের ভেতরে আটকে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, নারী সমাজকে পেছনে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। দেশ পুনর্গঠনে নারী-পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি অভিযোগ করেন, ‘একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসলেন—নারীদের তাঁরা কোন দৃষ্টিতে দেখেন, শুধু তা-ই নয়, গতকাল আমরা দেখলাম, সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা—মায়েরা সংসার চালানোর জন্য...বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছেন কর্মজীবী মায়েরা ও বোনেরা, তাদের কী ভাষা ব্যবহার করে কথা বলেছেন।’
নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের কথা তুলে ধরে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের শিক্ষা বিনা মূল্যে চালু হয়েছিল, আর বিএনপি সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো যেকোনো চেষ্টার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যশোর অঞ্চলের খাল-বিল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ফুল রপ্তানি এবং চিনিশিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে বলে জানান তিনি।
জনসভায় যশোর-কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান।
ডালাস বার্তা প্রতিবেদক