টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ
২০০৫ সালে সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডীয় জ্বালানি কোম্পানি নাইকো রিসোর্সেসকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত।
২০০৫ সালে সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডীয় জ্বালানি কোম্পানি নাইকো রিসোর্সেসকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি) সম্প্রতি এ রায় দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান।
বাংলাদেশ এ ঘটনায় প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করলেও ট্রাইব্যুনাল উল্লেখযোগ্যভাবে কম অঙ্কের ক্ষতিপূরণ নির্ধারণ করেছে। পেট্রোবাংলা জানিয়েছে, তারা এখনো রায়ের পূর্ণাঙ্গ কপি পায়নি; তবে একটি সারসংক্ষেপ পেয়েছে। গত মঙ্গলবার বাপেক্সের বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, এটি রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হবে এবং সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৩ সালে ফেনী ও ছাতক গ্যাসক্ষেত্র উন্নয়নে বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি করে নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেড। তবে ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে খননকালে ২০০৫ সালের জানুয়ারি ও জুনে দুটি বড় বিস্ফোরণ ঘটে, যাতে প্রাণহানি, পরিবেশগত বিপর্যয় ও ব্যাপক সম্পদহানি হয়।
সরকারি তদন্তে নাইকোর খনন কার্যক্রমে গুরুতর ত্রুটি ধরা পড়লে ক্ষতিপূরণ দাবিতে পেট্রোবাংলা মামলা করে। প্রাকৃতিক সম্পদ ধ্বংস, পরিবেশগত ক্ষতি ও আর্থিক লোকসানের কারণে বাংলাদেশ বাপেক্সের জন্য ১১৮ মিলিয়ন এবং সরকারের জন্য ৮৯৬ মিলিয়ন ডলারসহ মোট প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল।
ডালাস বার্তা প্রতিবেদক