ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ক্যারলটনে জোড়া গুলির ঘটনায় নিহত ২, আহত ৩
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারোলটনে মঙ্গলবার সকালে পৃথক দুটি গুলির ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ বলছে, একটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারোলটনে মঙ্গলবার সকালে পৃথক দুটি গুলির ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ বলছে, একটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে।
কারোলটন পুলিশ প্রধান রবার্তো আরেডোন্ডো জানান, এ ঘটনায় ৬৯ বছর বয়সী সিউং হান হোকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দুইটি হামলার সঙ্গেই জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সকাল ৯টা ৫৭ মিনিটে স্টেট হাইওয়ে ১২১-এর ৪০০০ ব্লকে কে টাউন প্লাজায় প্রথম সাড়া দেয়। সেখানে গুয়াং জাং কোরিয়ান মার্কেটের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় চারজন প্রাপ্তবয়স্ককে পাওয়া যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীরা ব্যবসায়িক আলোচনার জন্য সন্দেহভাজনের সঙ্গে সেখানে দেখা করেছিলেন। এ সময়ই গুলি চালানো হয়।
এরপর সকাল ১১টা ১৩ মিনিটে ওল্ড ডেন্টন রোডের ২৭০০ ব্লকে, আই-৩৫ ও জর্জ বুশ টার্নপাইকের কাছে দ্বিতীয় গুলির খবর পায় পুলিশ। সেখানে একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে আরেকজন প্রাপ্তবয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তকারীরা পরে নিশ্চিত হন, দুটি ঘটনাই একই ব্যক্তি ঘটিয়েছে। জিজ্ঞাসাবাদে সিউং হান হো পাঁচজনকে গুলি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত আর্থিক বিরোধ থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। আশপাশের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং কিছু কর্মীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।
স্থানীয় এক কর্মী রিচার্ড গসম্যান বলেন, প্রথমে তারা সাইরেনের শব্দ শোনেন, পরে রাস্তায় অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও পুলিশের গাড়ির উপস্থিতি লক্ষ্য করেন। সাধারণত শান্ত এই এলাকায় এমন ঘটনা বিরল বলেও উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় কারোলটন পুলিশ ছাড়াও টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি এবং এফবিআই তদন্তে সহায়তা করছে। স্থানীয় কোরিয়ান কমিউনিটির সদস্যরা এই ঘটনায় শোকাহত ও আতঙ্কিত বলে জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ