গিয়ারশিফট ত্রুটিতে ফোর্ডের ১৪ লক্ষ এফ-১৫০ পিকআপ ট্রাক প্রত্যাহার
মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটর কোম্পানি প্রায় ১৪ লাখ এফ-১৫০ পিকআপ ট্রাক প্রত্যাহার করে নিচ্ছে। গিয়ারশিফটজনিত ত্রুটি থাকার কারণেই এই সিদ্ধান্ত কোম্পানিটির।
মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটর কোম্পানি প্রায় ১৪ লাখ এফ-১৫০ পিকআপ ট্রাক প্রত্যাহার করে নিচ্ছে। গিয়ারশিফটজনিত ত্রুটি থাকার কারণেই এই সিদ্ধান্ত কোম্পানিটির।
মার্কিন সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই যান্ত্রিক ত্রুটির ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। ট্রান্সমিশন রেঞ্জ সেন্সর ও পাওয়ারট্রেইন কন্ট্রোল মডিউলের মধ্যে সিগন্যাল বিচ্ছিন্ন হলে গাড়ি হঠাৎ করে দ্বিতীয় গিয়ারে নেমে যেতে পারে। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারাতে পারেন।
প্রত্যাহরের আওতায় পড়েছে ২০১৪ সালের ১২ মার্চ থেকে ২০১৭ সালের ১৮ আগস্ট পর্যন্ত উৎপাদিত সিক্স-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত এফ-১৫০ মডেলগুলো। মার্কিন সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক বলছে, ত্রুটি দেখা দিলে ড্যাশবোর্ডে ‘ম্যালফাংশন ইন্ডিকেটর’ বা ‘রেঞ্চ’ লাইট জ্বলে উঠতে পারে।
এই ত্রুটির সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য এক দুর্ঘটনা ও দুজন আহত হওয়ার তথ্য পেয়েছে ফোর্ড।
আগামী ২৭ এপ্রিল থেকে প্রত্যাহারের জন্য গাড়ির মালিকদের কাছে চিঠি পাঠানো শুরু করবে প্রতিষ্ঠানটি। মালিকরা নিকটস্থ ফোর্ড বা লিংকন ডিলারের কাছে গিয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ আপডেট বা প্রতিস্থাপন করতে পারবেন।
তথ্যসূত্র: সিবিএস নিউজ