চাপাতি নিয়ে হামলাকারীকে পুলিশের গুলি: শিউরে ওঠা বডিক্যাম ফুটেজ প্রকাশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত ট্রানজিট হাব গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে যাত্রীদের ওপর চাপাতি হামলার পর পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সম্প্রতি প্রকাশিত বডিক্যাম ফুটেজে ঘটনাটির বিস্তারিত উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত ট্রানজিট হাব গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে যাত্রীদের ওপর চাপাতি হামলার পর পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সম্প্রতি প্রকাশিত বডিক্যাম ফুটেজে ঘটনাটির বিস্তারিত উঠে এসেছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, গত ১১ এপ্রিল টহলরত দুই কর্মকর্তা সাবওয়ে প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকা ৪৪ বছর বয়সী অ্যান্থনি গ্রিফিনকে বড় একটি চাপাতি হাতে দেখতে পান।
পুলিশ অন্তত দুই ডজনবার অস্ত্র ফেলে দিতে নির্দেশ দিলেও গ্রিফিন তা অমান্য করেন। বরং তিনি চিৎকার করে ‘আমাকে গুলি করুন’ বলতে বলতে আবার প্ল্যাটফর্মের দিকে নেমে যান।
বডিক্যাম ফুটেজে দেখা যায়, ডিটেকটিভ রায়ান জিউফ্রে তাঁকে ধাওয়া করলে গ্রিফিন উল্টো তার দিকেই এগিয়ে আসেন এবং চাপাতি উঁচিয়ে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে ‘আমি লুসিফার’ বলে চিৎকার করতে করতে সামনে এগোলে আত্মরক্ষার্থে গুলি চালান ওই কর্মকর্তা।
গুলিবিদ্ধ অবস্থায় গ্রিফিনকে হাসপাতালে নেওয়া হলে পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, ঘটনার আগে প্ল্যাটফর্মে বিনা উসকানিতে তিন প্রবীণ যাত্রীর ওপর হামলা চালান গ্রিফিন। এতে ৮৫ বছর বয়সী এক ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পান, ৬৫ বছর বয়সী আরেকজন মাথায় এবং ৭০ বছর বয়সী এক নারী কাঁধে আঘাত পান। ঘটনার পর সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এই হামলা ও পুলিশের গুলির ঘটনা নিউইয়র্কের গণপরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট