ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে
ফিফার বর্ষসেরা ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন উসমান দেম্বেলে। ২৮ বছর বয়সী পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রাফিনিয়াদের পেছনে ফেলে জিতে নিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার।
ফিফার বর্ষসেরা ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন উসমান দেম্বেলে। ২৮ বছর বয়সী পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রাফিনিয়াদের পেছনে ফেলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জিতে নিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার।
অবশ্য তাঁর হাতেই যে পুরস্কারটি উঠবে, তা আগেই অনুমান করা হয়েছিল। ক্লাব পিএসজিকে লিগ, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জিততে রেখেছিলেন বড় ভূমিকা। হয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ ও লিগ ওয়ানডের সেরা খেলোয়াড়ও। এখানেই শেষ নয় গত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে তুলতেও ছিল উসমান দেম্বেলের বড় ভূমিকা। তাই তিনিই পুরস্কারটি পেতে যাচ্ছেন বলে যে ধারণা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই হলো।
আলো ছড়ানো বিদায়ী এই বছরে এর আগে ব্যালন ডি’অর তথা ইউরোপসেরার পুরস্কার জিতেছিলেন দেম্বেলে। এবার ফিফা দ্য বেস্ট জিতে হয়ে গেলেন বিশ্বসেরাও। মেয়েদের বিভাগে ফিফার বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার আইতানা বোনমাতি। স্প্যানিশ এই নারী ফুটবলার এ নিয়ে তৃতীয়বারের মতো জিতলেন এই পুরস্কার। তবে এবারই প্রথমবারের মতো ফিফা দ্য বেস্ট হয়েছেন দেম্বেলে।
২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় দেওয়া হয়েছে এই পুরস্কার। এই সময়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন পিএসজিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই সময়ে ৩৫ গোল করেন তিনি, সতীর্থদের গোল করিয়েছেন আরও ১৬ টি। সব মিলিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে তিনিই ছিলেন এগিয়ে। ব্যালন ডি’অরের পর ফিফা বর্ষসেরা পুরস্কার জয় তাঁর সে অর্জনেরই স্বীকৃতি। এই অর্জনের জন্য পিএসজি সতীর্থদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, ‘আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কঠোর পরিশ্রমের ফসল এই পুরস্কার। ব্যক্তিগত ও দলগত—দুই দিক থেকেই এটি আমার জন্য দারুণ একটি বছর ছিল।’
কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেম্বেলের হাতে তুলে দেওয়া বর্ষসেরার ট্রফি। অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হয়েছেন লুইস এনরিকে। নারী বর্ষসেরা কোচ হয়েছেন সারিনা ভিগমান। বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন পুরুষ বিভাগে জিয়ানলুইজি দোন্নারুমা ও নারী বিভাগে সারিনা ভিগমান। বর্ষসেরা গোল তথা পুরুষ বিভাগে পুসস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন সান্তিয়াগো মঁতিয়েল, আর নারী বিভাগে বর্ষসেরা গোলের জন্য মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন লিজবেথ ওভালে।
ফিফার বর্ষসেরা নির্বাচিত করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচ এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিরা। এর বাইরেও অনলাইনে ভোট দিয়েছেন বিশ্বের ১ কোটি ৬০ লাখেরও বেশি ফুটবলপ্রেমী।
তথ্যসূত্র: ফিফা