গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ও পশ্চিম ইউরোপের এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হচ্ছে।
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ও পশ্চিম ইউরোপের এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হচ্ছে।
শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ না গ্রিনল্যান্ড ‘সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ ক্রয় করতে পারছে, ততক্ষণ এই শুল্ক কার্যকর থাকবে। তাঁর হুঁশিয়ারি—পরিস্থিতির উন্নতি না হলে ১ জুন থেকে শুল্কহার ২৫ শতাংশে উন্নীত করা হবে।
নতুন শুল্কের আওতায় পড়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যে অতিরিক্ত কর দিতে হবে।
ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার’ জন্য অপরিহার্য। তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বীপটির নিয়ন্ত্রণ প্রয়োজন।
তবে ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ব্ল্যাকমেল’ হিসেবে দেখছে। ডেনমার্ক জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে প্রতিনিধি ও সীমিত সামরিক উপস্থিতি বাড়িয়ে ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, শুল্ক কার্যকর হলে ইউরোপীয় গাড়ি ও উড়োজাহাজসহ বিভিন্ন পণ্যের দাম মার্কিন বাজারে বাড়তে পারে। পাল্টা জবাবে ইউরোপীয় ইউনিয়নও মার্কিন পণ্যে শুল্ক আরোপ করলে বড় ধরনের বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি হবে।
তথ্যসূত্র: এপি, আল জাজিরা