তুমুল হট্টগোলে পণ্ড ফরিদপুরে জেমসের কনসার্ট
ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্ট তুমুল বিশৃঙ্খলার কারণে বাতিল হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নগরবাউল জেমসের পারফর্ম করার কথা থাকলেও মঞ্চে ওঠার আগেই বহিরাগতদের হামলা ও ইটবৃষ্টির ঘটনায় অনুষ্ঠান পণ্ড ঘোষণা করেন আয়োজকেরা। শেষ পর্যন্ত গান না গেয়েই ঢাকায় ফিরে যান জেমস।

কনসার্ট বাতিল হওয়ার ঘটনাকে আয়োজকদের ব্যর্থতা দাবি করে জেমস বলেছেন, ‘এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’ জেমসের ম্যানেজার ও মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আয়োজকেরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনুষ্ঠানস্থলের ভেতর থেকে অনেক বেশি মানুষ ছিল বাইরে। এভাবে তো অনুষ্ঠান করা সম্ভব নয়। আমরা সন্ধ্যার সময়ই ফরিদপুর পৌঁছাই। অনুষ্ঠান শুরুর পর জানতে পারি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রাত ১০টার দিকে আমাদের জানানো হয়, বাতিল করা হয়েছে অনুষ্ঠান। এরপর ঢাকায় চলে আসেন জেমস।’
সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, বিশৃঙ্খলার কবলে পড়েছেন জেমস। মৃত্যুর মুখ থেকে ফিরলেন—এমন কথাও ছড়িয়ে পড়ে। তবে রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘এমন কথা সত্যি নয়। সন্ধ্যায় ফরিদপুর পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যাননি জেমস। ছিলেন একটি গেস্ট হাউসে। সেখানেই তিনি খবর পান বিশৃঙ্খলার। পরে শো বাতিল করলে আমরা ভেন্যুতে না গিয়ে ঢাকায় ফিরে আসি।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘স্কুলের ভেতরের ধারণক্ষমতার চেয়ে বাইরে অন্তত ১০ গুণ মানুষ জমায়েত হয়েছিল। জিলা স্কুল প্রাঙ্গণে এত বিশাল জনসমুদ্র সামলানো অসম্ভব ছিল। বহিরাগতদের বাধা দিতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়।’
আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম বলেন, নিরাপত্তার কারণেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ডালাস বার্তা প্রতিবেদক, ঢাকা