উন্নয়নে আঞ্চলিক প্রতিযোগীদের চেয়ে পিছিয়ে বাংলাদেশের পুঁজিবাজার
উন্নয়ন ও গভীরতার দিক থেকে বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা।
উন্নয়ন ও গভীরতার দিক থেকে বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা।
মঙ্গলবার রাজধানীর বনানীর এক হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত: অর্থনীতি, রাজনীতি ও পুঁজিবাজার’ শীর্ষক সেমিনারে এই মূল্যায়ন উঠে আসে।
সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুইডেনভিত্তিক টুন্ড্রা ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ম্যাটিয়াস মার্টিনসন বলেন, লেনদেনের পরিমাণ গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, পিই রেশিও নিম্নমুখী এবং মানসম্মত কোম্পানির স্বল্পতায় বিনিয়োগের সুযোগ সীমিত। তাঁর মতে, বাজার উন্নয়নে ভালো কোম্পানি তালিকাভুক্তি ও স্বচ্ছ, বিনিয়োগবান্ধব নীতিকাঠামো জরুরি।
যুক্তরাষ্ট্রভিত্তিক কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে জানান, নির্বাচন-পূর্ব ও পরবর্তী অস্থিরতা কেটে গেলে বাংলাদেশে বিনিয়োগে প্রবেশের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি অতিনিয়ন্ত্রিত এবং নীতিতে বিকৃতি রয়েছে। মুক্তবাজারের পথে এগোতে পারলেই বিদেশি বিনিয়োগ বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
মূল প্রবন্ধে র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সংস্কারে গতি আনতে পারলে বেসরকারি খাতের আস্থা বাড়বে। স্থিতিশীলতা রক্ষা, রিজার্ভ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রথম ১০০ দিনে সংস্কারের স্পষ্ট বার্তা দেওয়ার ওপর জোর দেন তিনি।
বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, শেয়ারের মূল্য নির্ধারণ পুরোপুরি বাজারনির্ভর হওয়া উচিত। অন্যদিকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, আর্থিক খাতের অন্যান্য অংশের তুলনায় পুঁজিবাজারেই বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে রয়েছে।
ডালাস বার্তা প্রতিবেদক