সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। পাশাপাশি নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।

Jan 26, 2026 - 00:04
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক
৮১টি দেশি নিবন্ধিত সংস্থার পর্যবেক্ষকরা আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষন করবেন। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। পাশাপাশি নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে রোববার কূটনৈতিক মিশনের প্রধান, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রিফিংয়ে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ইসি কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সংসদ নির্বাচন গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

তথ্যসূত্র: বাসস