১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা: পূর্বাচলের সংবর্ধনাস্থল লোকে লোকারণ্য

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন। তবে তীব্র ভিড়ের কারণে অনেকেই স্টেজের সামনে যেতে না পেরে আশপাশের ডিজিটাল স্ক্রিনের সামনে ভিড় করেছেন।

Dec 25, 2025 - 00:12
১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা: পূর্বাচলের সংবর্ধনাস্থল লোকে লোকারণ্য
পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সংবর্ধনাস্থলে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন। তবে তীব্র ভিড়ের কারণে অনেকেই স্টেজের সামনে যেতে না পেরে আশপাশের ডিজিটাল স্ক্রিনের সামনে ভিড় করেছেন।

স্টেজ থেকে কয়েকশ গজ দূর পর্যন্ত মানুষের উপচেপড়া ভিড়। কেউ দাঁড়িয়ে, কেউ বসেসবার অপেক্ষা একটাই, তারেক রহমানকে দেশের মাটিতে দেখা। স্টেজের সামনে অতিরিক্ত ভিড়ে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ায় অনেক নেতাকর্মী পিছনে সরে গিয়ে বড় পর্দার সামনে অবস্থান নেন।

তারেক রহমানকে দেখার জন্য, তাঁর কথা শোনার জন্য আগের রাত থেকেই পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সংবর্ধনাস্থলে জড়ো হতে থাকে মানুষ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা বহু মানুষকে সড়কেই ঘুমাতে দেখা যায়।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে, পরে ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে লাল-সবুজ রঙের বিশেষ একটি বাহনে করে তিনি ৩০০ ফুট সড়কের সংবর্ধনা মঞ্চে যান। সংবর্ধনাস্থল আশপাশের এলাকা ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবর্ধনা মঞ্চে তারেক রহমান ছাড়া আর কোনো বক্তা থাকবেন না। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তাঁর।

ডালাস বার্তা প্রতিবেদক, ঢাকা