এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস
ব্যবসা বা পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড চালু হলেও শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
ব্যবসা বা পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড চালু হলেও শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বার্তায় দূতাবাস জানায়, এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বা অধ্যয়নের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো ভিসা বন্ড দিতে হবে না। কেবল প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।
দূতাবাসের তথ্যমতে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে নতুন করে ইস্যু হওয়া বি১/বি২ ভিসার ক্ষেত্রে এই বন্ড শর্ত কার্যকর হবে। তবে এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
দূতাবাস আরও সতর্ক করে বলেছে, সাক্ষাৎকারের আগে কোনো বন্ড পরিশোধ করা যাবে না। আগাম অর্থ পরিশোধে ভিসার নিশ্চয়তা পাওয়া যায় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য https://bd.usembassy.gov/visas/ এই ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে দূতাবাস।
ডালাস বার্তা ডেস্ক