অপহৃত কিশোরী উদ্ধার, মোবাইল ট্র্যাকিংয়ে বাবার সাহসী ভূমিকা
ক্রিসমাসের দিন ছুরি দেখিয়ে অপহরণের শিকার হওয়া ১৫ বছরের মেয়েকে দ্রুত উদ্ধার করেছেন তার টেক্সান বাবা। মেয়ের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তিনি নিজেই তাকে খুঁজে বের করেন বলে জানিয়েছে মন্টগোমারি কাউন্টি শেরিফের দপ্তর।
ক্রিসমাসের দিন ছুরি দেখিয়ে অপহরণের শিকার হওয়া ১৫ বছরের মেয়েকে দ্রুত উদ্ধার করেছেন তার টেক্সান বাবা। মেয়ের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তিনি নিজেই তাকে খুঁজে বের করেন বলে জানিয়েছে মন্টগোমারি কাউন্টি শেরিফের দপ্তর।
ঘটনাটি ঘটে হিউস্টনের উত্তরে প্রায় ২৫ মাইল দূরে পোর্টার এলাকায়। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুকুর হাঁটাতে বের হয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হন কিশোরীর বাবা। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন এবং মেয়ের মোবাইলে থাকা প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে লোকেশন শনাক্ত করেন।
লোকেশন অনুসরণ করে প্রায় দুই মাইল দূরের নির্জন, জঙ্গলা এলাকায় একটি মেরুন রঙের পিকআপ ট্রাকের ভেতর মেয়েকে ও কুকুরটিকে খুঁজে পান তিনি। ট্রাকটিতে অনেকটা নগ্নাবস্থায় এক যুবক ছিল বলে জানিয়েছে পুলিশ। বাবা মেয়েকে ওই ব্যক্তির কাছ থেকে বের করে আনতে সক্ষম হন এবং সঙ্গে সঙ্গে আবার পুলিশে ফোন করেন।
পরে পুলিশ ২৩ বছর বয়সী জিওভানি রোসালেস এসপিনোজাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, তিনি ছুরিকাঘাতের ভয় দেখিয়ে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে যান এবং প্রাণনাশের হুমকি দেন।
শেরিফ ওয়েসলি ডুলিটল এক বিবৃতিতে বলেন, ‘ক্রিসমাস আনন্দের দিন, কিন্তু এই ব্যক্তি একটি শিশুকে টার্গেট করে সেই আনন্দ ভেঙে দিতে চেয়েছিল।’
এসপিনোজার বিরুদ্ধে গুরুতর অপহরণ ও শিশুর প্রতি অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে মন্টগোমারি কাউন্টি জেলে আটক আছেন।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট