জামদানি–শাপলায় ‘দ্য কুইন অব বেঙ্গল’ মিথিলা
কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট? এই প্রশ্নের উত্তর জানা যাবে শুক্রবার (২১ নভেম্বর)। থাইল্যান্ডে চলমান মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার চোখ বাংলাদেশের মানুষেরও। সুন্দরীদের এই আসরে যে আছে বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা।
কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট? এই প্রশ্নের উত্তর জানা যাবে শুক্রবার (২১ নভেম্বর)। থাইল্যান্ডে চলমান মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার চোখ বাংলাদেশের মানুষেরও। সুন্দরীদের এই আসরে যে আছে বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা।
চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার আগে প্রতিযোগীদের বিভিন্ন সেশনে ধাপে ধাপে দিতে হচ্ছে পরীক্ষা। বুধবার (১৯ নভেম্বর) যেমন তারা অংশ নিলেন ‘ন্যাশনাল কস্টিউম’ রাউন্ডে। ঐতিহ্যবাহী জামদানিতে নিজেকে আবৃত করে এই রাউন্ডে দেশীয় ঐতিহ্য ও পরিচয় দারুণভাবে তুলে ধরেছেন। তাঁর ‘দ্য কুইন অব বেঙ্গল’ লুক উপস্থিত সবারই নজর কাড়ে। আন্তর্জাতিকভাবে নজর কাড়ে।
এদিন মিথিলার পরা শাড়িটি তৈরি হয়েছে দেশীয় ঐতিহ্যের উপাদান নিয়েই। খাঁটি সুতিতে বোনা এই জামদানির নকশায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। একই মোটিফ মিলেছে তার সোনার গহনাতেও। শাড়িটি বুনতে লেগেছে ১২০ দিনেরও বেশি সময়। ডিজাইন করেছেন আফ্রিনা সাদিয়া সৈয়দা, আর গহনা ও জুয়েলারি ব্লাউজ তৈরি করেছেন ৬ ইয়ার্ডস স্টোরির লরা খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ন্যাশনাল কস্টিউম শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—দ্য কুইন অব বেঙ্গল।’ যে কস্টিউমের প্রতিটি সুতায় আছে শিল্পকলার ছোঁয়া, কারিগরের নিষ্ঠা এবং চিরন্তন স্নিগ্ধতা।
ইউনেসকো ২০১৩ সালে জামদানিকে অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। মোগল যুগ থেকে শুরু হওয়া এই শিল্প আজও বয়ে বেড়াচ্ছে বাংলার রাজকীয় ঐতিহ্য। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরের তাঁতশিল্পীদের হাতে তৈরি মিথিলার এই পোশাক সেই ইতিহাসকেই আবারও স্মরণ করিয়ে দিল।
জামদানি শাড়ির সঙ্গে মানানসই বিশেষ জুয়েলারি ব্লাউজ ও গয়নাতেও মিথিলার লুক সম্পূর্ণ হয়েছে। জাতীয় পোশাকে বাংলাদেশের শিল্প, ঐতিহ্য এবং সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরেন তিনি।
বুধবার ছিল ‘পিপলস চয়েস’ ভোটের শেষ দিন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট জিততে পারলে তানজিয়া জামান মিথিলার সামনে খুলে যাবে রাজকীয় জীবনের দরজা। বিজয়ীর মাথায় তুলে দেওয়া হবে ৫.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি অর্থে প্রায় ৬৬ কোটি টাকা—মূল্যের হীরাখচিত মুকুট ‘ফোর্স ফর গুড’। এছাড়া বিজয়ী এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবেন। পাবেন ২.৫ লাখ ডলার বেতনও। এখানেই শেষ নয় পরের এক বছর তার খাবার, পোশাক, মেকআপ, ফটোশুট থেকে শুরু করে প্রতিটি সফরের হোটেল, বিমান পরিবহন—সব খরচেই বহন করবে প্রতিযোগিতার আয়োজকরাই।
তথ্যসূত্র: ডেইলি স্টার