দেশ বাঁচাতে ভোট দিন ধানের শীষে: সিলেটে তারেক রহমান

দেশ বাঁচাতে ও জনগণের ভাগ্য বদলাতে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচন ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Jan 22, 2026 - 15:01
দেশ বাঁচাতে ভোট দিন ধানের শীষে: সিলেটে তারেক রহমান
সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশ বাঁচাতে জনগণের ভাগ্য বদলাতে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচন ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘দেশকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্রের যাত্রা শুরু করতে হলে ধানের শীষেই ভোট দিতে হবে।

২২ বছর পর সিলেটে আগমনকে ঘিরে বিএনপির নেতা-কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। ভোর থেকেই মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন তারা। সমাবেশে বক্তব্যে তারেক রহমান গত ১৬ বছরে নেতা-কর্মীদের ওপর নিপীড়ন, গুম, অর্থনৈতিক সংকট রাষ্ট্রকাঠামোর অবক্ষয়ের কথা তুলে ধরেন। পাশাপাশি খাল খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

নির্বাচন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের মতো আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিলেট সুনামগঞ্জের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সিলেটের সমাবেশ শেষে তারেক রহমান সড়কপথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় অংশ নেন।

ডালাস বার্তা প্রতিবেদক