ডলারের মান বৃদ্ধি ও চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে কমল সোনার দাম
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। ডলারের মান শক্তিশালী হওয়া এবং চীন–যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার প্রভাবেই সোনার দামে উল্টো হাওয়া। সোমবার বৈশ্বিক বাজারে স্বর্ণের দর ০.৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৭৭.১১ ডলারে নেমে আসে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। ডলারের মান শক্তিশালী হওয়া এবং চীন–যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার প্রভাবেই সোনার দামে উল্টো হাওয়া। সোমবার বৈশ্বিক বাজারে স্বর্ণের দর ০.৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৭৭.১১ ডলারে নেমে আসে।
ডিসেম্বরে সরবরাহের জন্য ফিউচার গোল্ডের দামও ১.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৯০.৯০ ডলারে দাঁড়ায়। ডলারের মান ইয়েনের বিপরীতে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হওয়ায় অন্য মুদ্রাধারীদের জন্য সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
রোববার যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা সম্ভাব্য বাণিজ্য চুক্তির খসড়া নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন। ট্রাম্প ও সি চিন পিং শিগগিরই ওই চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘বাণিজ্য চুক্তির খবর বাজারের জন্য ইতিবাচক হলেও এটি সোনার দামের ওপর চাপ ফেলেছে।’ তাঁর মতে, আর্থিক নীতি শিথিল থাকার প্রত্যাশাই এখনো সোনাকে টিকিয়ে রেখেছে।
এদিকে, ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে সুদহার এক-চতুর্থাংশ শতাংশ কমানোর সম্ভাবনাই প্রবল। বাজার এখন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের দিকনির্দেশনার অপেক্ষায়। সাধারণত নিম্ন সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা লাভবান হয়।
বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ–বিনিয়োগ তহবিল এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, শুক্রবারের মজুত ০.৫২ শতাংশ কমে ১,০৪৬.৯৩ টনে নেমেছে।
অন্যদিকে, স্পট সিলভারের দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪৮.৩১ ডলার, প্লাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১,৬১৬.৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১,৪৩৫.৭৫ ডলারে পৌঁছেছে।
তথ্যসূত্র: রয়টার্স