রকওয়াল কাউন্টিতে একই পরিবারের ৫ শিশুর হাম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রকওয়াল কাউন্টিতে পাঁচটি হাম আক্রান্তের ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আক্রান্তরা একই পরিবারের পাঁচ শিশু।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রকওয়াল কাউন্টিতে পাঁচটি হাম আক্রান্তের ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আক্রান্তরা একই পরিবারের পাঁচ শিশু।
কাউন্টি হেলথ অথরিটির তথ্য অনুযায়ী, পরিবারের এক সদস্যের শরীরে ৫ ফেব্রুয়ারি লক্ষণ দেখা দেয়। সম্ভবত সাম্প্রতিক একট আন্তর্জাতিক সফরে সংক্রমিত হয় সে। এরপর আরও চার শিশুর মধ্যে উপসর্গ দেখা দেয়। আক্রান্তদের কেউই টিকা নেয়নি
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রমণকালে প্রথম রোগী বেশিরভাগ সময় বাড়িতেই ছিলেন। অন্যরাও উপসর্গ শুরুর আগেই স্কুল থেকে ছুটি নিয়ে স্বেচ্ছা কোয়ারেন্টিনে আছে। তারা একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়েছিল; সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সম্ভাব্য জনসমাগমস্থলে সংক্রমণের অন্য কোনো তথ্য পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানায়, এবারের প্রাদুর্ভাবের ভাইরাসের ধরন সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে দেখা ধরন থেকে ভিন্ন, যার মধ্যে গত বছরের টেক্সাসের প্রাদুর্ভাবও রয়েছে।
কাউন্টি হেলথ অথরিটির ডা. ডির্ক পেরিট বলেন, স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। স্কুলে কোনো এক্সপোজারের তথ্য নেই। তবে দেশজুড়ে হাম বাড়তে থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। ২০২৬ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০০টি হাম শনাক্ত হয়েছে।
গত বছর টেক্সাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাবে দুই শিশুর মৃত্যু হয়। এরপর টিকাদানে উৎসাহ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ডা. পেরিটের মতে, টিকাদানের হার না বাড়লে রোগটি নির্মূল হবে না।
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। উচ্চ জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হওয়া বা পানি পড়া এবং মুখের ভেতরে সাদা দাগ প্রাথমিক লক্ষণ। তিন থেকে পাঁচ দিনের মধ্যে শরীরে ফুসকুড়ি দেখা দেয়।
স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, পূর্ণ টিকাপ্রাপ্ত সুস্থ ব্যক্তিদের ঝুঁকি খুব কম। তবে যারা টিকা নেয়নি, টিকা নেওয়ার বয়স হয়নি বা রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল—তাদের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ফক্স ফোর