সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ
আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের বাইরে এ আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের বাইরে এ আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একই দিনে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী তাঁদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দেড় বছরে সংসদ ভেঙে থাকলেও সংসদ ভবন এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনসহ বিভিন্ন কমিশনের কার্যক্রম এই প্রাঙ্গণেই পরিচালিত হয়। রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানও হয়েছিল দক্ষিণ প্লাজায়।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পর শুক্রবার রাতে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুটি আসনের ফল উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো স্থগিত রয়েছে। জাতীয় সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। ২৯৭ ঘোষিত আসনের মধ্যে দলটি এককভাবে ২০৯টিতে জয় পেয়েছে। শরিকদের নিয়ে তাদের আসনসংখ্যা আরও বাড়ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের নেতৃত্বাধীন জোটের অন্য দলগুলো ৯টি আসনে জয় পেয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং সংসদ ভেঙে দেওয়ার প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন রাজনৈতিক অধ্যায়।
ডালাস বার্তা প্রতিবেদক