৭৪ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারসহ ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারসহ ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে সৈয়দপুরে আসছেন। পরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, তার কাছে ৫০ লাখ টাকার বেশি রয়েছে। তবে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম জানান, গণনা শেষে নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ টাকা।
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান তিনি। আটককালে ধারণ করা এক ভিডিওতে বেলাল উদ্দিন নিজেকে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা ও শালন্দা কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন। লাগেজে থাকা অর্থকে তিনি তার গার্মেন্টস ব্যবসার টাকা বলে দাবি করেন।
পুলিশ জানিয়েছে, নগদ অর্থ ছাড়াও তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।
ভোটের আগের দিন বিপুল অর্থসহ জামায়াত নেতার আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, টাকার উৎস অবৈধ প্রমাণিত না হলে কেবল অর্থ বহন করা অপরাধ নয়। তবে নির্বাচনের ঠিক আগে এত বড় অঙ্কের টাকা উদ্ধার হওয়া স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি স্পষ্ট করবে।
ডালাস বার্তা প্রতিবেদক