নির্বাচনে হেরে গেলেন যে সব হেভিওয়েট প্রার্থী
এবারের জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখের জয় যেমন চমক দেখিয়েছে, তেমনি ভোটের লড়াইয়ে পরাজিত হয়েছেন একাধিক বর্ষীয়ান ও আলোচিত প্রার্থী। বেসরকারি ফলাফলে হেরে গেছেন জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ, তারকা ফুটবলার থেকে বিএনপি প্রার্থী আমিনুল হকসহ আরও অনেকে।

খুলনা-৫ আসনে বিএনপির মোহাম্মদ আলী আসগর লবির কাছে হেরে যান মিয়া গোলাম পরওয়ার। বিএনপি প্রার্থী পান ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট, আর পরওয়ার পান ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট।
কক্সবাজার-২ আসনে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কাছে পরাজিত হন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বিএনপি প্রার্থী পান ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট, আযাদ পান ৯১ হাজার ৮৮৯ ভোট।
বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম পান ৯৩ হাজার ৫২৮ ভোট। বরিশাল-৬ আসনেও তিনি বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।
ফেনী-২ আসনে খেলাফত মজলিশের আমির মামুনুল হক দলীয় প্রতীকে ৮০ হাজার ৫৮ ভোট পান। এখানে বিএনপির জয়নাল আবদিন পান ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট। ঢাকা-১৩ আসনেও মামুনুল হক রিকশা প্রতীকে ৮৬ হাজার ৬৭ ভোট পেয়ে হেরে যান; বিএনপির ববি হাজ্জাজ পান ৮৮ হাজার ৩৮৭ ভোট।
ঢাকা-৯ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় হন। এখানে বিএনপির হাবিবুর রশিদ পান ১ লাখ ১১ হাজার ২১২ ভোট।
ঢাকা-৮ আসনে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস–এর কাছে পরাজিত হন। মির্জা আব্বাস পান ৫৯ হাজার ৩৬৬ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাতেই বিভিন্ন আসনে জয়-পরাজয়ের চিত্র স্পষ্ট হতে শুরু করে। রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত বেসরকারি ফলাফলে একাধিক আলোচিত প্রার্থীর পরাজয় নিশ্চিত হয়।
ডালাস বার্তা প্রতিবেদক