শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে জেডি ভ্যান্সকে দুয়োধ্বনি
ইতালির মিলানে ২০২৬ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। তবে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দেখানো হলে দর্শকদের একটি অংশ দুয়োধ্বনি দেয়।
ইতালির মিলানে ২০২৬ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। তবে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দেখানো হলে দর্শকদের একটি অংশ দুয়োধ্বনি দেয়।
সান সিরো স্টেডিয়ামে শুক্রবার রাতে প্যারেড অব নেশনসে রালফ লরেনের পোশাকে মাঠে নামেন টিম ইউএসএর সদস্যরা। তাদের প্রবেশের সময় করতালিতে মুখর হয়ে ওঠে গ্যালারি। কিন্তু ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকে বড় পর্দায় দেখানো হলে পরিস্থিতি বদলে যায়; তখন দর্শকদের মধ্যে থেকে জোরালো দুয়োধ্বনি শোনা যায়।
প্যারেডে যুক্তরাষ্ট্র ছিল শেষ দিকে। দলের নেতৃত্ব দেন স্পিড স্কেটার এরিন জ্যাকসন। অলিম্পিকের স্বর্ণালি রিংয়ের নিচে তিনি যুক্তরাষ্ট্রের পতাকা বহন করেন। একই সময়ে লিভিগনো, প্রেদাজ্জো ও কোর্তিনাসহ চার ভেন্যুতে সমান্তরালভাবে প্যারেড অনুষ্ঠিত হয়। কোর্তিনায় মার্কিন পতাকা বহন করেন ববসলেডার ফ্র্যাঙ্ক ডেল ডুকা।
ভ্যান্সকে লক্ষ্য করে দুয়োধ্বনির পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন এবং অভিবাসন ইস্যুতে সাম্প্রতিক বিতর্ক ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। উদ্বোধনের আগে মিলানে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার সম্ভাব্য উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভও হয়। তবে মার্কিন অলিম্পিক কর্মকর্তারা জানান, আইসিই এজেন্টরা আনুষ্ঠানিক প্রতিনিধি দলে ছিলেন না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কির্স্টি কোভেন্ট্রি। ভ্যান্স তাদের পাশেই বসেছিলেন। শুরুতে দর্শকরা মূলত মাত্তারেলার নাম ঘোষণায় করতালি দেন, তবে প্যারেড চলাকালে ভ্যান্সের প্রতি তাদের অসন্তোষ স্পষ্ট হয়।
এর আগে প্যারেডে ইসরায়েলি প্রতিনিধিদলকেও দুয়োধ্বনি করা হয়, বিপরীতে ইউক্রেনের দল পায় লম্বা করতালি। শুক্রবার দিনের শুরুতে ভ্যান্স ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন এবং দলগত ফিগার স্কেটিংয়ের কিছু পরিবেশনাও উপভোগ করেন।
তথ্যসূত্র: ইউএসএ টুডে