আইসিইবিরোধী অভিযানের প্রতিবাদে নর্থ টেক্সাসে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
নর্থ টেক্সাসের বিভিন্ন শহরের হাইস্কুল শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)–এর চলমান অভিযানের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে। সপ্তাহজুড়ে প্লানো, হালটম সিটি, ফরনি, মেলিসাসহ একাধিক এলাকায় এই কর্মসূচি পালিত হয়েছে।
নর্থ টেক্সাসের বিভিন্ন শহরের হাইস্কুল শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)–এর চলমান অভিযানের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে। সপ্তাহজুড়ে প্লানো, হালটম সিটি, ফরনি, মেলিসাসহ একাধিক এলাকায় এই কর্মসূচি পালিত হয়েছে।
ট্যারান্ট কাউন্টির হালটম হাইস্কুল থেকে বুধবার শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে বেরিয়ে আসে। বৃহস্পতিবার কাউফম্যান কাউন্টির ফরনি হাইস্কুলে একই ধরনের কর্মসূচি হয়। শুক্রবার প্লানোর জ্যাসপার হাইস্কুল ও কলিন কাউন্টির মেলিসা হাইস্কুলে শিক্ষার্থীরা আইসিইবিরোধী পোস্টার হাতে ক্লাস বর্জন করে। প্লানো সিনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের একটি বড় দল স্কুলসংলগ্ন এলাকায় মিছিল করে; নিরাপত্তায় পুলিশ টহল দেয়।
টেক্সাসজুড়ে চলমান এসব কর্মসূচির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে টেক্সাস এডুকেশন এজেন্সি (টিইএ)। সংস্থাটি জানিয়েছে, রাজ্য আইন অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ শিক্ষাক্রম ব্যাহত করে এমন রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন বা সহায়তা করতে পারে না। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনুপস্থিত হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষকরা এমন কর্মসূচি সহায়তা করলে তদন্তের মুখে পড়তে পারেন বলেও সতর্ক করা হয়েছে। কয়েকটি স্কুল জেলা ইতিমধ্যে অভিভাবকদের চিঠি দিয়ে জানিয়েছে, ক্লাস বর্জন সমর্থন করা হবে না এবং আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, স্কুল চলাকালে ক্লাস ছেড়ে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বাকস্বাধীনতার আওতায় পড়ে না। তবে এ বক্তব্যের সঙ্গে একমত নয় আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। সংগঠনটি বলছে, সরকারি কর্মকর্তারা শিক্ষার্থীদের মতপ্রকাশের কারণে শাস্তি দিতে পারেন না; স্কুলে প্রবেশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের বাকস্বাধীনতা হারায় না।
তথ্যসূত্র: ফক্স ফোর