অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অতীতের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অতীত থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

Feb 9, 2026 - 14:02
অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তারেক রহমান। ছবি: স্ক্রিনগ্র্যাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অতীতের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অতীত থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে সময় দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে সেই ভুলের পুনরাবৃত্তি না করে অর্জনগুলোকে ভিত্তি করে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ভাষণে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন দুর্নীতিবিরোধী অবস্থানের ওপর জোর দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ রাখা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়া হবে বলে তিনি অঙ্গীকার করেন।

ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সব ধর্মের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের দায়িত্ব দিলে, পরদিন থেকেই তারা জনগণের দায়িত্ব নেবে।

ডালাস বার্তা প্রতিবেদক