দীপু চন্দ্র দাসের পরিবারকে ৫০ লাখ টাকা সহায়তা দিচ্ছে সরকার
ময়মনসিংহের ভালুকায় গত ডিসেম্বরে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বসবাসের জন্য পাকাঘর নির্মাণে ৫০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে বাড়ি নির্মাণে ২৫ লাখ টাকা দেওয়া হবে। নিহত দীপুর বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে সহায়তা এবং তাঁর সন্তানের নামে ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। প্রধান উপদেষ্টার পরামর্শে গত ২৩ ডিসেম্বর তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়া কান্দা গ্রামে দীপুর বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দীপু চন্দ্র দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় পরিবারের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে এ সহায়তা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ইউএনওর তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।
এ ঘটনায় প্রতিক্রিয়ায় শিক্ষা উপদেষ্টা বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই। সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে সংঘটিত এই হত্যাকাণ্ড জাতির জন্য লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করাই এ লজ্জা থেকে মুক্তির একমাত্র পথ।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
তথ্যসূত্র: বাসস