ডালাসে চলন্ত গাড়িতে ৩৬টির বেশি গুলি, তরুণী নিহত; হামলাকারী লাপাত্তা
যুক্তরাষ্ট্রের ডালাস শহরের সেন্ট্রাল ওক ক্লিফ এলাকায় চলন্ত এসইউভিতে ৩৬টির বেশি গুলি ছুড়ে এক তরুণীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ির এক পুরুষ যাত্রী। সন্দেহভাজন হামলাকারী এখনো পলাতক।
যুক্তরাষ্ট্রের ডালাস শহরের সেন্ট্রাল ওক ক্লিফ এলাকায় চলন্ত এসইউভিতে ৩৬টির বেশি গুলি ছুড়ে এক তরুণীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ির এক পুরুষ যাত্রী। সন্দেহভাজন হামলাকারী এখনো পলাতক।
ডালাস পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে সাউথ জ্যাং বুলেভার্ডের ২২০০ ব্লকে, উইনিউড ভিলেজ শপিং সেন্টারের কাছে গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তদন্তে জানা গেছে, একটি ক্যাডিলাক এসইউভি লক্ষ্য করে অন্য একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। তাতে এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
গাড়ির চালক ২৪ বছর বয়সী কেলি লোপেজকে হাসপাতালে নেওয়া হলে অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা ২১ বছর বয়সী এক পুরুষ যাত্রী চিকিৎসাধীন রয়েছেন; তিনি বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী পৃথক একটি গাড়ি থেকে ৩৬টিরও বেশি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সন্দেহভাজনের গাড়ির বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন।
নিহত লোপেজের পরিবারের দাবি, তারা জানেন না গাড়িতে থাকা ওই পুরুষ যাত্রী কে বা তাঁর সঙ্গে লোপেজের সম্পর্ক কী ছিল। হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে খাবার আনতে বের হয়েছিলেন লোপেজ। তিনি চার সন্তানের জননী; তাঁদের মধ্যে সাত মাস বয়সী একটি শিশুও রয়েছে। পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্তের অগ্রগতির অপেক্ষায় আছেন।
তথ্যসূত্র: ফক্স ফোর